‘দ্য গ্রেটেস্ট’
সাইনবোর্ড লিখিয়ে বাবা ক্যসিয়াস মার্সেলাস ক্লে আর গৃহবধু মা ওডেসা ওগ্রেডি ক্লে ভারি চিন্তায় পড়েছেন তাদের বড়ো ছেলের নাম নিয়ে। অনেক ভেবে তাঁরা স্থির করতে পারছেন না। অবশেষে ঠিক হল বাবার নামেই নাম রাখা হবে ছেলের। আর বাবার নাম রাখা হয়েছিল ঊনবিংশ শতাব্দীর রাজনীতিক ও দাসপ্রথা নির্মূল করার আন্দোলনের এক অগ্রপথিকের নামে। সময়টা ১৯৪২ সালের জানুয়ারী মাস। ১৭ তারিখে জন্ম আমাদের নায়কের। যিনি তাঁর নামকে জীবনে সার্থক করে তুলেছিলেন।
১২ বছর বয়সে এক
ছিঁচকে চোর তার সাইকেল চুরি করে পালাবার সময় পিছু ধাওয়া করে চোর-এর সাথে মোকাবিলা
করা দেখে লুইসভিলের পুলিশ অফিসার ও বক্সিং এর কোচ জো মার্টিন তাকে বক্সিং-এ নিয়ে
আসেন। সামান্য দিনেই তিনি দক্ষ হয়ে ওঠেন। আর ১৯৬০-এর রোম অলিম্পিকে লাইট হেভিওয়েট
বিভাগে সোনার পদক জেতেন। একটি রেস্টুরেন্টে কালোদের প্রবেশের নিষেধাজ্ঞার
প্রতিবাদে এই পদকটি তিনি ওহিও নদীতে বিসর্জন দেন। ১৯৬৪ সালে তিনি প্রথমবারের জন্য
বিশ্ব হেভিওয়েট বক্সিং-এর খেতাব আর্জন করেন। ঠিক তিন বছর পর তাকে দেশের মিলিটারি
বিভাগে যোগ দিয়ে ভিয়েতনাম যুদ্ধে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রকৃত মানবদরদীর মন
প্রতিবাদে গর্জে ওঠে। “আমাকে ভিয়েতনামীরা নিগার বলেনি। তাদের সাথে আমার কোনো ঝগড়া
নেই। আমি যুদ্ধে যাব না।’’ তাঁর এই প্রতিবাদই উৎসমুখ খুলে দেয়। মার্টিন লুথার কিং
(জুনিয়ার) এবং দেশের যুবকরা যুদ্ধবিরোধী এবং বর্ণবিদ্বেষ-এর বিরুদ্ধে অবস্থান নেন।
তাঁকে গ্রেফতার করা হয়, বিচার চলে এবং তাঁর বিশ্ব হেভিওয়েট খেতাব ও বক্সিং
লাইসেন্স কেড়ে নেওয়া হয়। অবশ্য এজন্য তার জেল হয়নি। পরে সুপ্রিম কোর্টে আপীল করে
তিনি এগুলি ফেরত পান। পরবর্তীকালে তিনি একটানা তিনবার ওই খেতাব জয় করেন। এবং ইতিহাসের
অংশ হয়ে যান। ১৯৬৪ সালেই তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। পরে সুন্নী মত, আরো পরে
সুফিবাদ চর্চা করতে থাকেন। ইসলাম গ্রহণ করার পর তার নাম হয় মহম্মদ আলী। ‘দ্য
গ্রেটেস্ট’ নামে যিনি আমাদের কাছে পরিচিত। নীচের ছবিটিতে আমাদের নায়কের নিয়ন্ত্রণহীন হাত থরথর করে কাঁপছে পারকিন্সন ডিজিজে, কিন্তু একজন
মানুষের ইচ্ছাশক্তি কোন উচ্চতায় পৌঁছলে তিনি বিশ্ববাসীকে এই ধরনের আবেগময় ও
মর্মভেদী একটি মুহূর্ত উপহার দিতে পারেন বোঝা আমাদের মত সাধারণ মানুষের পক্ষে
কঠিন। দৃশ্যটি অন্তত ২০০ কোটি মানুষ প্রত্যক্ষ করেছেন টি ভি-তে। ১৯৯৬ সালের
আটলান্টা অলিম্পিক্সের উদ্বোধনী মশাল জ্বালাচ্ছেন মহম্মদ আলি ওরফে ক্যাসিয়াস ক্লে
‘দ্য গ্রেটেস্ট’
No comments:
Post a Comment